দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্যবসায়ীদের ঋণের সুদ ও পরিচালন ব্যয় কমাতে ছয় হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ প্যাকেজের আওতায় ব্যবসায়ীদের সুদ ভর্তুকি দেওয়া হচ্ছে। একই সঙ্গে ঋণের সুদহার কমানো এবং বৈদেশিক মুদ্রার লেনদেন সহজ করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে লোকাল এলসিসংক্রান্ত লেনদেনের তথ্য আদান-প্রদানের অনলাইন প্ল্যাটফর্ম ‘বার্তা’ (বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট) উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
গভর্নর বলেন, ব্যবসার ব্যয় কমানো বাংলাদেশ ব্যাংকের অন্যতম অগ্রাধিকার। কারণ, ব্যবসার খরচ বাড়লে তার প্রভাব শেষ পর্যন্ত পণ্যের দামের ওপর পড়ে। ব্যবসায়ীর সুদ ও অন্যান্য ব্যয় বেড়ে গেলে তা পণ্যের দামের সঙ্গে যুক্ত হয়। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ব্যবসার খরচ কমানো গেলে দেশের ১৮ কোটি মানুষ কম দামে পণ্য ও সেবা পাওয়ার সুযোগ পাবেন।
ঋণের সুদহার কমানোর উদ্যোগের কথা তুলে ধরে মোস্তাকুর রহমান বলেন, ঋণের বেঞ্চমার্কের সঙ্গে অতিরিক্ত সুদের সর্বোচ্চ সীমা ৪ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করা হয়েছে। এ ছাড়া ব্যবসায়ীদের জন্য ছয় হাজার কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ নেওয়া হয়েছে। এ প্যাকেজের আওতায় সুদ ভর্তুকি দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসায় নীতি সুদহার আরও কমানোর বিষয়েও চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় ব্যাংক।
বৈদেশিক মুদ্রার লেনদেন সহজ করার বিষয়ে গভর্নর বলেন, নির্দিষ্ট সীমার বেশি বৈদেশিক মুদ্রার লেনদেনের অনুমোদন ৪৮ ঘণ্টার মধ্যে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে ব্যবসায়ীদের সময় ও ব্যয় দুটোই কমবে।
বৈদেশিক মুদ্রাবাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে স্বয়ংক্রিয় সফটওয়্যার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ব্যবস্থায় ক্রেতা ও বিক্রেতার পরিচয় গোপন রেখে বৈদেশিক মুদ্রার লেনদেন করা যাবে। এতে বাজারে কারসাজির সুযোগ কমবে এবং বাজারভিত্তিক বিনিময় হার নির্ধারণ সহজ হবে। আগামী এক মাসের মধ্যে এ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।
আমদানি-রপ্তানির ঋণপত্র বা এলসিসংক্রান্ত নথিপত্র ডিজিটাল পদ্ধতিতে আদান-প্রদানের উদ্যোগের কথাও জানান গভর্নর। তিনি বলেন, বর্তমানে এসব নথি এক দেশ থেকে অন্য দেশে পাঠাতে আন্তর্জাতিক কুরিয়ার সেবা ব্যবহার করতে হয়। এতে বাড়তি খরচের পাশাপাশি সময়ও লাগে। ডিজিটাল ব্যবস্থা চালু হলে কুরিয়ার খরচ কমবে এবং নথি পাঠানোর দীর্ঘসূত্রতা দূর হবে। সম্পূর্ণ স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করা গেলে কয়েক মিনিটের মধ্যেই প্রয়োজনীয় নথি পৌঁছানো সম্ভব হবে।
নতুন ‘বার্তা’ প্ল্যাটফর্মের নিরাপত্তার বিষয়ে মোস্তাকুর রহমান বলেন, উচ্চমাত্রার সাইবার নিরাপত্তা নিশ্চিত করে এটি তৈরি করা হয়েছে। চালুর আগে প্ল্যাটফর্মটির নিরাপত্তা ও কার্যকারিতা বিভিন্নভাবে পরীক্ষা করা হয়েছে। এ সময় ব্যবসায়ী ও ব্যাংকারদের নতুন প্ল্যাটফর্মটি ব্যবহারের আহ্বান জানান তিনি।
কে